গর্ভাবস্থার শুরুর সপ্তাহগুলোতে নির্দিষ্ট কোনো লক্ষণ থাকে না। সাধারণত প্রথম মাসে মায়েরা বুঝতেই পারেন না যে তাঁরা গর্ভবতী। প্রথম যে লক্ষণটি বেশিরভাগ মা খেয়াল করেন, তা হলো পিরিয়ড বা মাসিক বন্ধ হয়ে যাওয়া। মনে রাখা দরকার, গর্ভাবস্থার হিসাব শুরু হয় শেষ মাসিকের প্রথম দিন (এলএমপি) থেকে।
কীভাবে বুঝবেন আপনি গর্ভবতী কি না?
আমরা জানি, গর্ভাবস্থার প্রথম চোখে পড়ার মতো লক্ষণ হলো মাসিক বন্ধ হওয়া। এর পাশাপাশি কারও কারও ক্ষেত্রে আরও কিছু লক্ষণ দেখা দিতে পারে। যেমন:
• হালকা রক্তপাত বা স্পটিং
• মাথাব্যথা
• স্তনে চাপ দিলে ব্যথা
• বমি বমি ভাব
• ক্লান্তি
• পেটে অস্বস্তি বা ফাঁপা ভাব
• সাদা স্রাব বেড়ে যাওয়া
• মাসিকের ব্যথার মতো তলপেটে কামড়ানো ব্যথা
• ঘন ঘন প্রস্রাব
• প্রিয় কোনো খাবারে অরুচি বা নতুন কোনো খাবারের প্রতি তীব্র ইচ্ছা
• মুখে অদ্ভুত স্বাদ
• ঘ্রাণশক্তি বেড়ে যাওয়া
তবে এসব লক্ষণ থাকলেই নিশ্চিত করে বলা যায় না যে আপনি গর্ভবতী, কারণ এর কিছু লক্ষণ কখনো কখনো মাসিকের আগেও দেখা দেয়, যেমন স্তনে ব্যথা, পেট ফাঁপা বা কোনো নির্দিষ্ট খাবারের প্রতি তীব্র ইচ্ছা। আবার অনেকের গর্ভধারণের পর কোনো লক্ষণই থাকে না, ফলে গর্ভধারণের বিষয়টি বুঝতে দেরি হয়ে যায়।
আপনি গর্ভবতী কি না, তা জানার সবচেয়ে নির্ভরযোগ্য উপায় হলো প্রেগন্যান্সি টেস্ট করা। যেকোনো ফার্মেসি বা ওষুধের দোকানে পাওয়া প্রেগন্যান্সি টেস্ট কিট দিয়ে ঘরে বসেই সহজে জানতে পারবেন। এছাড়া কাছের কোনো ক্লিনিক, স্বাস্থ্যকেন্দ্র, হাসপাতাল বা গাইনি ডাক্তারের চেম্বারে গিয়েও টেস্ট করাতে পারেন।
সহবাসের কত দিন পর প্রেগন্যান্সি টেস্ট করা উচিত?
যদি এক মাস ধরে মাসিক না হয় এবং এর আগে অরক্ষিত সহবাস হয়ে থাকে, অর্থাৎ জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি (কনডম, পিল, ইনজেকশন) ছাড়া, তাহলে নির্ধারিত দিনে মাসিক শুরু হয়নি খেয়াল করার সাথে সাথেই প্রেগন্যান্সি টেস্ট করুন।
মাসিকের সম্ভাব্য তারিখ জানা না থাকলেও অরক্ষিত সহবাসের অন্তত ২১ দিন পর টেস্ট করে জানতে পারবেন আপনি গর্ভবতী কি না। এছাড়া আজকাল অনেক উন্নত টেস্ট কিট পাওয়া যায়, যা দিয়ে গর্ভধারণের নয় দিনের মাথাতেই ফলাফল জানা সম্ভব।
প্রেগন্যান্সি টেস্ট কীভাবে কাজ করে?
ঘরে টেস্ট করার জন্য কাছের ফার্মেসি বা সুপারশপ থেকে একটি প্রেগন্যান্সি টেস্ট কিট কিনে নিন। দিনের যেকোনো সময় প্রস্রাবের নমুনা দিয়ে টেস্ট করা যায়। সাধারণত স্টিকে প্রস্রাব দেওয়ার কয়েক মিনিটের মধ্যেই ফলাফল দেখা যায়। প্রতিটি কিট আলাদা, তাই ব্যবহারের আগে বাক্সের নির্দেশনা মনোযোগ দিয়ে পড়ে নিন।
প্রেগন্যান্সি টেস্ট নিয়ে আরও জানুন এখানে।
গর্ভবতী হলে কী করবেন?
টেস্টে গর্ভাবস্থা নিশ্চিত হওয়ার পর প্রথম কাজ হলো একজন স্বাস্থ্যকর্মী, সম্ভব হলে একজন গাইনি বিশেষজ্ঞের কাছে গিয়ে চেকআপ করানো এবং তাঁর পরামর্শ মেনে চলা। এই সময়ে সাধারণত যা মেনে চলার পরামর্শ দেওয়া হয়:
• প্রথম ৩ মাস বা গর্ভাবস্থার ১২তম সপ্তাহ পর্যন্ত প্রতিদিন ৪০০ মাইক্রোগ্রাম ফলিক অ্যাসিড খান। ফলিক অ্যাসিড ট্যাবলেট আকারে পাওয়া যায়।
• প্রতিদিন ১০ মাইক্রোগ্রাম ভিটামিন ডি ট্যাবলেট খেতে পারেন।
• গর্ভাবস্থায় নানা রকম সংক্রমণের ঝুঁকি থাকে, তাই এ সময় কাঁচা বা আধাসেদ্ধ খাবার এড়িয়ে চলুন।
• গর্ভের শিশুর সুস্থতার জন্য ধূমপান, অতিরিক্ত চা-কফি আর অ্যালকোহল এড়িয়ে চলুন।



