প্রসব-পরবর্তী চেকআপ কী?
প্রসব-পরবর্তী চেকআপ হলো সন্তান জন্মের পর ডাক্তার বা মিডওয়াইফের সাথে একটি অ্যাপয়েন্টমেন্ট, যেখানে দেখা হয় শারীরিক, মানসিক ও আবেগের দিক থেকে আপনি কেমন আছেন।[1]
ডাক্তার আপনাকে পরীক্ষা করবেন আর নতুন শিশুকে নিয়ে জীবনের সাথে কেমন মানিয়ে নিচ্ছেন, তা জানতে চাইবেন। কতবার যেতে হবে, তা আপনার নিজের অবস্থার ওপর নির্ভর করে।
প্রসব-পরবর্তী চেকআপ কেন জরুরি
এই চেকআপে আপনার আর আপনার শিশুর স্বাস্থ্যের খোঁজ রাখা হয়। আপনাদের দুজনকে সুস্থ রাখতে নানা বিষয়ে আলোচনা হয়।
প্রসব-পরবর্তী চেকআপে সাধারণত থাকে:
নিয়মিত পরীক্ষা: রক্তচাপ, ডায়াবেটিস, ওজন আর প্রয়োজনীয় অন্যান্য পরীক্ষা করা হবে, বিশেষ করে গর্ভাবস্থায় এসব সমস্যা থেকে থাকলে।
জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি: শিগগিরই আরেকটি সন্তান না চাইলে আপনার জন্য উপযুক্ত ও সুবিধাজনক জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে পরামর্শ দেওয়া হবে।
গর্ভাবস্থা ও প্রসবের জটিলতা: গর্ভাবস্থা বা প্রসবের সময় কোনো জটিলতা হয়ে থাকলে, প্রসবের পর তা আপনার স্বাস্থ্যে প্রভাব ফেলছে কি না দেখা হবে। কোনো জটিলতার প্রভাব থেকে গেলে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হবে।
প্রসব-পরবর্তী বিষণ্নতা: প্রসব-পরবর্তী বিষণ্নতার (পোস্টপার্টাম ডিপ্রেশন) লক্ষণ আছে কি না দেখা হবে, আর প্রয়োজনে মানসিক রোগ বিশেষজ্ঞের কাছে পাঠানোর পরামর্শ দেওয়া হবে।
টিকা: আপনার আর আপনার শিশুর প্রয়োজনীয় টিকা সম্পর্কে জানানো হবে।
বুকের দুধ: আপনি শিশুকে ঠিকমতো বুকের দুধ খাওয়াতে পারছেন কি না আর শিশু যথেষ্ট দুধ পাচ্ছে কি না, তা দেখে পরামর্শ দেওয়া হবে।
এর বাইরেও আপনার আর শিশুর স্বাস্থ্য ও সুস্থতা নিয়ে কোনো প্রশ্ন থাকলে এই সময়ে ডাক্তারকে জিজ্ঞেস করতে পারেন।
কয়বার চেকআপ করাতে হবে?
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, প্রসবের পর অন্তত চারবার চেকআপ করানো প্রয়োজন।[2]
এই চারটি চেকআপের সময়:
১ম চেকআপ: হাসপাতালে প্রসব হলে প্রসবের পর প্রথম ২৪ ঘণ্টার মধ্যে হাসপাতালেই প্রথম চেকআপ করাতে হবে। বাড়িতে প্রসব হলেও প্রথম ২৪ ঘণ্টার মধ্যে হাসপাতালে গিয়ে প্রথম চেকআপ করাতে হবে।
২য় চেকআপ: প্রসবের ৪৮ থেকে ৭২ ঘণ্টার মধ্যে, অর্থাৎ প্রসবের দ্বিতীয় বা তৃতীয় দিনে।
৩য় চেকআপ: প্রসবের ৭ থেকে ১৪তম দিনের মধ্যে।
৪র্থ চেকআপ: প্রসবের ৬ সপ্তাহ পর, অর্থাৎ দেড় মাস পর।

